সিলেটে ভোটগ্রহণ : কোথাও ফাঁকা, কোথাও দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
সারাদেশের মতো সিলেটেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
সকাল সাড়ে ৯টায় সারদা হল ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। ভোট দিয়ে তিনি ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় রয়েছেন।
এর আগে সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্স হোম শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি ভোটারদের সমর্থনে বিজয়ের আশা প্রকাশ করেন।
এছাড়া সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমেদ চৌধুরী এবং সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে সকালে ভোট দেন এবং নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।





