কুলাউড়ায় ভোট দিলেন নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলার একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ভোট দিয়েছেন। বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত এই প্রার্থী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুলাউড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাদিয়া নোশিন প্রার্থী হওয়ার পর থেকেই স্থানীয় ভোটারদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন। ভোটদান শেষে তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
সকাল ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। সংসদ যেন সাধারণ মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আসল প্ল্যাটফর্ম হয়ে ওঠে এই আশা প্রকাশ করে তিনি বলেন, সকলে ভোটকেন্দ্রে এসে ভোটের মাধ্যমে নিজেদের দাবি আদায়ের শক্তিকে বেগবান করুন। এসময় তিনি কুলাউড়ার রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, এখানে বিগত দিনে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি ছিল না এবং এবারও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টির মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া)।
কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে। এবার ৩ লাখ ৩ হাজার ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৯২ জন। এছাড়া দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




