শান্তিপূর্ণ সুনামগঞ্জ: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
প্রীতম দাস, সুনামগঞ্জ::
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৭২০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। শীতের সকাল হওয়ায় শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার দিনব্যপী জেলা শহরের হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজ গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, জুবিলী উচ্চ বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়নি।
নির্বাচনী দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত চমৎকার। নির্বিঘ্নে নারী পুরুষ ভেটাররা ভোট দিচ্ছেন। ভোটাররা কোনো ধরনের বাধা ছাড়াই কেন্দ্রে আসতে পারছেন।
এবারের নির্বাচনে সুনামগঞ্জে সবচেয়ে বড় প্রাপ্তি নারী ভোটারদের উপস্থিতি। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, গৃহস্থালির কাজ সেরে দলে দলে নারীরা ভোট দিতে আসছেন।
ভোট দিয়ে বের হওয়া রাজিয়া বেগম নামে এক ভোটার বলেন, “নিরাপদ পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা আর উন্নয়নের জন্যই ভোট দিতে এসেছি।” তরুণ নারী ভোটারদের মধ্যেও প্রথমবারের মতো ভোট দেওয়ার ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
জেলায় এবার ৫টি আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ৬২ হাজার ২০৫ জন। পুরুষ ভোটার ১০ লক্ষ ৪৫ হাজার ৯৯ জন। নারী ভোটার ১০ লক্ষ ১৭ হাজার ৮১ জন।তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩২ জন। মোট ভোটকেন্দ্র ৭২০টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৩ জন।
নির্বাচনী সহিংসতা এড়াতে জেলাজুড়ে মোতায়েন রয়েছে বিজিবি, পুলিশ, র্যাব এবং আনসার সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে সেনাবাহিনী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে হাওর অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলোতে যাতায়াত ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয়। নির্বাচনী লড়াই জোরালো হলেও প্রার্থীরা এবং তাদের সমর্থকরা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত গণনা। এখন পর্যন্ত সুনামগঞ্জের চিত্র বলছে, গণতন্ত্রের উৎসবে হাওর জনপদ এক অনন্য নজির স্থাপন করেছে।





