ভোটের মাঠ কাঁপিয়ে সংসদে সিলেটি ফুরি!
সিলেট আই ::
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
নির্বাচনের উত্তপ্ত লড়াইয়ে যখন একের পর এক চমক, ঠিক তখনই ১৯টি আসনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাজিমাত করলেন সিলেটের এক সাহসী নারী প্রার্থী। প্রচারণা থেকে ভোটের মাঠ—সব জায়গায় ছিল তার দাপুটে উপস্থিতি।
জনসভায় দৃঢ় কণ্ঠ, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ আর আত্মবিশ্বাসী নেতৃত্বে তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জ উপেক্ষা করে তিনি দেখিয়েছেন—নারী শক্তি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে।
রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে বলছেন, এটি শুধু একটি জয় নয়—এটি নারীর অগ্রযাত্রার নতুন অধ্যায়।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে বেসরকারীভাবে এ ফলাফলের তথ্য পাওয়া গেছে।
সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে সবকয়টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৬৯৭ ভোট।
আর দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৪৪৬ টি।
সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।





