বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা শিশির মনিরের
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
নির্বাচনে পরাজিত হলেও কথা রেখেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এ আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতের শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩ হাজার ২২০ ভোট পেয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর দিরাই উপজেলার আনোয়ারপুরের বাসায় গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান।
এ সময় তিনি দিরাই-শাল্লার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, হারলেও বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর তিনি সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান।





