দিরাইয়ে জামায়াত কর্মীদের হামলায় ইউপি সদস্যসহ বিএনপির ৩ কর্মী আহত
দিরাই প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচন পরবর্তী জামায়াত কর্মীদের হামলায় এক ইউপি সদস্যসহ তিন বিএনপি কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ও শুক্রবার সকাল ৮ টার দিকে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর বাজারে এ পৃথক হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—সরমঙ্গল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই উপজেলার ধনপুর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ও উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন এবং সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের পিতা গিয়াসউদ্দিন। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত দেলোয়ার হোসেন জানান, ভোট শেষে উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণার পর মধ্যরাতে ধনপুর বাজারে তার দোকানে ফিরলে স্থানীয় জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তাকে। স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত ইউপি সদস্য আজিজুল ইসলাম জানিয়েছেন- শুক্রবার সকালে স্থানীয় ধনপুর বাজারে গেলে জামায়াত কর্মীদের হামলায় আহত হন তিনি। এ সময় সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের বৃদ্ধ পিতা গিয়াসউদ্দিন ইউপি সদস্যকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করে জামায়াতের কর্মীরা। আজিজুল ইসলাম বলেন, ভোটের দিন জামায়াতের লোকজনের সঙ্গে কেন্দ্রে আমার কথা-কাটাকাটি হয়। এরই জেরে তারা আমার ওপর পরিকল্পিত হামলা করেছে।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।





