কুলাউড়ায় সাবেক এমপি আলী আব্বাছ সহ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) দলের মহাসচিব তিনবারের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুলাউড়ায় ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ছাড়াও আরো ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। ফলে আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।




