মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে জি কে গউছ ও রেজা কিবরিয়া
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
সম্ভাব্য নতুন মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে হবিগঞ্জের দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জি কে গউছ ও রেজা কিবরিয়া। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, মন্ত্রিত্বের দৌড়ে এই দুই নেতাই এগিয়ে আছেন।
দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় শক্ত অবস্থান তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে তাদের ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্ব কেন্দ্রীয় মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জি কে গউছ বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, কর্মীসমর্থকদের ঐক্যবদ্ধ রাখা এবং নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে জেলার রাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। ফলে সম্ভাব্য মন্ত্রিসভায় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা।
অন্যদিকে রেজা কিবরিয়া জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান। অর্থনীতি ও নীতি-প্রশাসন বিষয়ে তার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের কারণে তাকে সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় এগিয়ে রাখা হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।
তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্ভাব্য মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে হবিগঞ্জবাসীর প্রত্যাশা—যেই মন্ত্রী হন না কেন, জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।




