মৌলভীবাজারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
সিলেট নগরে মারা যাওয়া প্রতিবেশী মরদেহ আনতে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নিয়াজ (৫২) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমার সোনারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
নিয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদের সাবেক ইমাম নগরে তার বাসায় গতশনিবার রাতে মারা যান। আহাদসহ ৫জন তার মরদেহ বাড়িতে আনতে ফজরের নামাজ পড়ে ভাড়া প্রাইভেট কারে রওনা দেন। সকাল ছয়টার দিকে সিলেটের সোনারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নজরুল ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আজিজুল ইসলাম বলেন, বিনা ময়নাতদন্তে নজরুলের মরদেহ আনতে চেষ্টা চালাচ্ছি।




