কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কমলগঞ্জের ১নম্বর রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে এলাকার আব্দুল কাদিরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মো. আসাদুজ্জামান জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে তারা বিপুল আর্থিকভাবে লাভবান হলেও সরকার হারাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার পরও বালু উত্তোলন থামেনি। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৫-২০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
এছাড়াও অভিযোগ উঠেছে কমলগঞ্জ উপজেলার করিমপুর, শিববাজার, রানীরবাজার, শুকুর উল্লাহ গ্রামসহ অসংখ্য জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
গুঞ্জন উঠেছে এসব অবৈধ বালু উত্তোলনে কিছু নামধারী সাংবাদিক ও প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তলন করা হচ্ছে।
তবে উপজেলা প্রশাসন বিষয়টি অস্বীকার করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।





