দিরাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
দিরাই প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ অপরাহ্ণসুনামগঞ্জের
য়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজ্জাদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সহযোগীরা। সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে দিরাই থানার একদল পুলিশ সোমবার দুপুরে হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সাজ্জাদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় তার স্বজন ও গ্রামের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর শুরু করলে এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এই হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে দিরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দিরাই থানা পুলিশ জানিয়েছে যে সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। পলাতক আসামি সাজ্জাদকে পুনরায় গ্রেফতার এবং হামলাকারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




