গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের
নিউজ ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হয়। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।





