সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণকাজে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব হাওরে ফসল রক্ষা বাধেঁর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাধঁ তদারকিতে পাউবো ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় বাঁধ নির্মাণ কাজে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। ফলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ডুবির শঙ্কায় হাওরাঞ্চলের কৃষকরা। বাঁধে অনিয়ম দুর্নীতির কারণে ফসল ডুবি হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।
বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বোরো ফসলের সুরক্ষায় সুনামগঞ্জের ৫৩টি হাওরে সাড়ে ৫শ কি.মি দৈর্ঘ্যে বাধঁ নির্মাণে ৭৩৭টি প্রকল্পে ১৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাঁধ নির্মাণের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।





