কমলগঞ্জে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে পারিবারিক কলহের জেরে রিনা রানী পাল (৩১) নামে এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এই ঘটনা ঘটে। নিহত রিনা রানী পাল কুরমা চা বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়া হয়। পরদিন মঙ্গলবার সকালে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হলে রিনা রানী পাল অভিমান করে বাথরুমে গিয়ে চা বাগানে ব্যবহৃত বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত পারিবারিক কলহের কারণেই রিনা রানী পাল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।




