হবিগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে শহরের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকলেও হঠাৎ দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সদর থানার এএসআই মারুফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে এএসআই মারুফ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে গেছে। খুব সকাল হওয়ায় আশপাশের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, ফলে প্রত্যক্ষদর্শীর সংখ্যা কম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা শহরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত ট্রাফিক তদারকির দাবি জানিয়েছেন। তারা বলেন, শহরের বানিজ্যিক এলাকায় সকাল-সন্ধ্যায় মোটরসাইকেলের বেপরোয়া চলাচল প্রায়ই ঝুঁকির সৃষ্টি করে, যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।




