হবিগঞ্জে সরিষাক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১
হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাই উপজেলায় সরিষাক্ষেতে পড়ে থাকা অবস্থায় মানসুরা আক্তার (৮) নামে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহরিয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতার হওয়া শাহরিয়ারকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়। নিহত মানসুরা একই উপজেলার মুড়িয়াক গ্রামের দিনমজুর কেনু মিয়ার মেয়ে। গ্রেপ্তার শাহরিয়ার একই গ্রামের দুলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয় মানসুরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে স্থানীয়রা হাওরে কাজ করতে গিয়ে একটি সরিষাক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মানসুরার মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, গ্রেপ্তার শাহরিয়ার এলাকায় খারাপ চরিত্রের মানুষ হিসেবে পরিচিত। তার শরীরে নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।ঘটনার দিন তিনিও ঘাস কাটতে ওই এলাকায় গিয়েছিলেন। এসব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।





