গোয়াইনঘাটের দুর্গম এলাকায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুবকদের
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের চলিতা বাড়ি ও শিয়ালা হাওর এলাকার যুবসমাজ মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে আধুনিক যুগে মাদকের নীল দংশনে যুবসমাজ ধ্বংসের মুখে, সেখানে এই অঞ্চলের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছেন মাদকের বিরুদ্ধে। “মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার গোয়াইনঘাট উপজেলার মোটরঘাট এলাকার নতুন বাজারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে গ্রাম থেকে গ্রামে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি পালন করেন স্থানীয় যুবকরা।
সমাবেশে বক্তারা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে মাদক নির্মূলে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। তারা ঘোষণা করেন, কোনোভাবেই এই শান্ত জনপদকে মাদকের আখড়া হতে দেওয়া হবে না।
গোয়াইনঘাটের এই অঞ্চলটি বাংলাদেশের অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত, যেখানে এখনো পর্যন্ত আধুনিক কোনো যানবাহন পৌঁছাতে পারেনি। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়া সত্ত্বেও যুবকদের এমন সুসংগঠিত সচেতনতা প্রশংসার দাবি রাখে।
প্রতিবাদ সভায় স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহসভাপতি নজর আহমদ, কোষাধ্যক্ষ: জিন্নেতুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে অংশ নেন ইলিয়াস, মিন্নস, রিয়াজ, আলম, দিলদার, সোহাগ, আব্দুল্লাহ, শুক্কুর, নোয়াব আলী, সবুজ, ফয়জুর, মোরাদ, রাসেল, রবিউল, মুজিবুর, ফয়জুল হক, রুবেল, ওবায়দুল, কয়েস, জহির, সিদ্দিকসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
সমাবেশ শেষে যুবকরা শপথ নেন যে, তারা নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং প্রতিটি ঘরকে মাদকমুক্ত করবেন।




