‘তারাও তো ভারতকে হারাতে পারেননি’, ইউসুফ-আফ্রিদিকে শাদাবের খোঁচা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে হারের পর শহীদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফের মতো কিংবদন্তিরা পাকিস্তান দলের তীব্র সমালোচনা করেছিলেন। নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার পর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন অলরাউন্ডার শাদাব খান। সাবেকদের মনে করিয়ে দিলেন, বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারানোর রেকর্ড তাদেরও নেই।
ভারতের বিপক্ষে হারের পর ইউসুফ মন্তব্য করেছিলেন, বাবর-শাদাবদের সময় শেষ। এর জবাবে শাদাব বলেন, ‘সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে দিনশেষে, তারাও তো বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়টি (২০২১ সালে) আমাদেরই।’
ইউসুফকে উদ্দেশ্য করে শাদাব আরও বলেন, ‘তিনি কিংবদন্তি, কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিনিও আহামরি কিছু করতে পারেননি।’ পরিসংখ্যানও শাদাবের পক্ষেই কথা বলছে। ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইউসুফ করেছিলেন মাত্র ২৫ রান।
নিজের ফর্ম নিয়ে সমালোচনার জবাবে শাদাব বলেন, ‘দলে ফেরার পর আমার মাত্র একটি ওভার খারাপ হয়েছে, আর তাতেই এত সমালোচনা। তবে এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই।’
সাম্প্রতিক সময়ে শাদাব বেশ ছন্দে আছেন। গত ৯ ইনিংসে ৩১ গড়ে ১৮৭ রান করার পাশাপাশি ওভারপ্রতি সাতের কম রান দিয়ে ১১টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।




