শিল্পীদের অবসর হয় না: ববিতা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ করার পর বিশ্বের নানান জায়গায় সম্মানিত হয়েছেন। নিজ দেশে বহুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন সম্মাননা। ডালাসের মেয়রের কাছ থেকেও পেয়েছেন আজীবন সম্মাননা। এবার তিনি পাচ্ছেন একুশে পদক। সেই আনন্দের অনুভূতিসহ নানা বিষয়ে অভিনেত্রী সঙ্গে কথা বলেছেন অনিন্দ্য মামুন।
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা অনেক ভালো রেখেছেন।
একুশে পদক প্রাপ্তিতে অনুভূতি কী?
আমি অনেক খুশি, অনেক বেশি আনন্দিত। কেননা, ভাষার মাসে একুশে পদক পাচ্ছি। ভাষার মাসে একুশে পদক প্রাপ্তি আমার জীবনের বড় প্রাপ্তি। সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবশেষে তারা এই সম্মানের জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। এ পুরস্কারের আনন্দ সবার ওপরে মনে হচ্ছে।
অনেক বেশি সুখের অনুভূতি কাজ করছে।
পুরস্কারটি আপনার আরও আগে পাওয়া উচিত ছিল বলে কি মনে করেন?
আমি কি মনে করছি সেটা এখন বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে, আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। তবে এটা ঠিক অনেকবার মনে হয়েছে অনেকেই তো সম্মাননাটা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। এতদিন পাইনি এখন পেলাম।
একুশে পদকটি আপনি জহির রায়হানকে উৎসর্গ করেছেন। কারণ কী?
জহির রায়হান আমাকে চলচ্চিত্রে এনেছেন। আজকের যে ববিতা আপনারা দেখছেন, তার গোড়াপত্তন ও আমাকে তৈরি করাটা তো তাঁর মাধ্যমেই। কাজেই তাঁকেই তো উৎসর্গ করব নাকি? এ ছাড়াও আমার দীর্ঘ ক্যারিয়ারে দর্শক থেকে শুরু করে আমার শুভাকাঙ্খি সবার অবদান রয়েছে। তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।
সিনেমার জন্যই তো সম্মাননা পেলেন। কিন্তু আজকাল তো আপনাকে সিনেমায় দেখা যায় না?
দেখুন, পাশের দেশে এখনও অমিতাভ বচ্চন ও রেখাদের বেইজ করে গল্প তৈরি হয়। আমাদের এখানে তো তা হয় না। আমাদের বেলায় হয়– আরও অভিনয় করবেন ববিতা। কেবল মা-বাবার একটু চরিত্র দিয়েই শেষ। চরিত্রের কোনো গভীরতা থাকে না, অভিনয়ের কোনো জায়গা থাকে না। এমন হলে তো অভিনয় করা হবে না।
তাহলে আর অভিনয় করবেন না?
কেন করব না, আমি কোথাও বলিনি অভিনয় থেকে বিদায় নিয়েছি। শিল্পীদের অবসর হয় না। আমি তো অভিনয় করতে চাই। কিন্তু সেটা কেবল ‘আরও অভিনয় করবেন ববিতা’ এ জাতীয় অভিনয় না।




