‘মন্ত্রী নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই’ : আরিফুল হক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চান। জনগণের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনের কারণেই তিনি এ পর্যায়ে এসেছেন উল্লেখ করে আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নিজ সংসদীয় এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’ তিনি আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। দলীয় নির্বাচনী ইশতেহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ আছে। সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে এবং দ্রুত কার্যক্রম শুরু হবে।
সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক **মোঃ সারওয়ার আলম**সহ জেলা ও মহানগরের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।




