মাধবপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির বিজিবি একটি বিশেষ টহলদল অদ্য ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২ টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভান্ডারুয়া নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারিদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল তানজিলুর রহমান জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।





