মধ্যনগরের যুবলীগ নেতার অবৈধ ভবন উচ্ছেদ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের অবৈধ তিনতলা ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মোস্তাক মধ্যনগর সদর ইউনিয়নের কামাউড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
২০০৮ সালের পর সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের হাত ধরে মোস্তাক রাজনীতিতে যোগ দিয়ে হয়ে ওঠেন প্রভাবশালী ব্যক্তি। আর মধ্যনগর বাজারের দক্ষিণ পাশে উবধাখালী নদীর পার ঘেঁষে তার দুই ভাইয়ের নামে ১ শতক সরকারি জায়গা বন্দোবস্ত নেন। পরে বন্দোবস্তের শর্ত ভঙ্গ ও নদী দখল করে পাকা বাড়ি নির্মাণ করেন মোস্তাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, স্থাপনাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। তাই ইজারা বাতিল করে স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। মধ্যনগরে আরও অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সবকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।




