১৮ মাস পর লোকে লোকারণ্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
গভীর বেদনা, অগাধ ভালোবাসা আর আত্মমর্যাদার গর্ব মিশে এক অনন্য আবেগের স্রোতে ভেসেছে সিলেট। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল। দীর্ঘ ১৮ মাসের নীরবতার পর এবারই প্রথম এমন প্রাণের স্পন্দনে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
১৮ মাস নীরবতার পর এবারই প্রাণের স্পন্দনে মুখর হয়ে ওঠে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার
রাত বারোটার ঘন্টাধ্বনি বাজতেই ফুলের তোড়া হাতে নানা শ্রেণি-পেশার মানুষ ধীরে ধীরে অগ্রসর হন শহীদ মিনারের বেদির দিকে। কারও চোখে অশ্রু, কারও কণ্ঠে স্তব্ধ উচ্চারণ—“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”—গভীর শ্রদ্ধায় নত হয়ে আসে শত শত মাথা। শিশু-কিশোর থেকে প্রবীণ, শিক্ষার্থী থেকে সাংস্কৃতিক কর্মী—সবার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় এক মিলনমেলায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আগের রাত থেকেই নগরের প্রধান সড়কগুলো সেজে ওঠে বর্ণিল আলপনায়। তুলির আঁচড়ে ফুটে ওঠে বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষর—অ, আ, ক, খ—যেন ভাষার আত্মা মিশে গেছে নগরের শিরায় শিরায়। সড়কজুড়ে আঁকা সেই বর্ণমালার পথ ধরে মানুষ এগিয়ে যায় শহীদ মিনারের দিকে, যেন ইতিহাসের পথ ধরে ফিরে দেখা ১৯৫২ সালের সেই অগ্নিঝরা দিনগুলোকে।
১৮ মাস আগে যে প্রাঙ্গণ ছিল নির্জন, নিস্তব্ধ—এবার সেখানে মানুষের পদচারণায় তৈরি হয় এক অন্যরকম আবেগঘন পরিবেশ। ফুলের পাপড়িতে ঢেকে যায় শহীদ মিনারের বেদি। প্রভাতফেরির সুর, দেশাত্মবোধক গানের আবহ আর শ্রদ্ধাভরা নীরবতা মিলেমিশে এক অনন্য আবহ তৈরি করে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তৃতায় উঠে আসে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার অঙ্গীকার। তরুণ প্রজন্মের চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়—শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
সেই আবেগঘন মুহূর্তগুলো—শ্রদ্ধায় নত মানুষ, ফুলে ফুলে ভরে ওঠা বেদি, আর মাতৃভাষার প্রতি ভালোবাসায় উদ্বেল এক শহরের হৃদস্পন্দন।
দীর্ঘ বিরতির পর এমন প্রাণবন্ত আয়োজনে সিলেট যেন নতুন করে খুঁজে পেয়েছে তার আত্মপরিচয়। অমর একুশ কেবল শোকের নয়, এটি আত্মমর্যাদা, সাহস আর ভাষার অধিকারের প্রতীক। আর সেই চেতনাকেই হৃদয়ে ধারণ করে সিলেটবাসী আবারও প্রমাণ করেছে—ভাষা শহীদদের স্মৃতি তাদের হৃদয়ে চিরঅম্লান।





