মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
এরপর জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। পর্যায়ক্রমে শ্রদ্ধা অর্পণ করেন জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সরকারি-বেসরকারি সকল দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সরজমিনে দেখা গেছে, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দীকি, বিএনপি নেতা ইয়াকুব আলী, মহিউদ্দিন জারুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল থানা, রেলওয়ে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ সরকারি-বেসরকারি সকল দপ্তর, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা প্রভাত ফেরি নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।





