রমজানকে কেন্দ্র করে বানিয়াচংয়ে নিত্যপণ্যের মূল্য অস্তির
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রমজানকে কেন্দ্র করে বাজারের এই অস্থিরতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার নিম্ন ও মধ্য আয়ের মানুষ, যারা ইফতার ও সেহরির প্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে শাক-সবজি ও ফলের; গত সপ্তাহে ৫০-৬০ টাকায় বিক্রি হওয়া প্রতি হালি লেবু এখন ৮০-১০০ টাকায় এবং ৪০-৫০ টাকার শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০-৮০ টাকায়। বড়বাজারের খুচরা বিক্রেতা হোসেন মিয়াসহ ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে পণ্য ক্রয় করায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। ইফতারের প্রধান উপকরণ খেজুরের দাম সর্বনিম্ন ২৩০ থেকে শুরু করে ১,৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে এবং তরমুজ, মাল্টা ও নাসপাতির দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
মাংসের বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে—গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোল্ট্রি মুরগি ও ডিমের দামও সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইনাতখানী গ্রামের বাসিন্দা বাদশা মিয়া ও দিনমজুর মোতাহের মিয়াসহ সাধারণ ভোক্তারা। তাঁদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভাবই এই মূল্যবৃদ্ধির মূল কারণ।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার পরিকল্পনা রয়েছে এবং দ্রুতই বাজার মনিটরিং জোরদার করা হবে।
তিনি আরো জানান,লোকবল সংকট থাকলেও কেউ পণ্য মজুত বা অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল রমজানে বাজার স্থিতিশীল রাখতে অবিলম্বে মজুতদারি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।





