কানাইঘাট সীমান্তে বিজিবি–র্যাবের যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় নাশকতার উদ্দেশ্যে পাচারের জন্য মজুদ করা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি) ও Rapid Action Battalion (র্যাব-৯)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন সুরাইঘাট বিওপি এলাকায় বিশেষ টহল অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির একটি টহলদল ও র্যাব-৯ যৌথভাবে অংশ নেয়।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের ধর্মপুর এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১৪টি পাওয়ার জেল ও ১৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারস্থলটি সীমান্ত পিলার ১৩১৪/এমপি থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, উদ্ধার হওয়া ইলেকট্রিক ডেটনেটর ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। এতে জননিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক দেশে আনার চেষ্টা হচ্ছিল। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।






