সিলেট ইবনে সিনায় আবারও রোগীর মৃত্যু,ভুল চিকিৎসার অভিযোগ
নিজস্ব প্রতিবেদন:
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
সিলেটের সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে আবারও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার অন্য রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসা দেওয়ায় ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। প্রাথমিকভাবে তা অস্বীকার করেছেন কর্তৃপক্ষ।
জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন পিত্তথলি পাথর অপারেশনের জন্য গত শুক্রবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ১১টার দিকে অপারেশন করার কথা ছিল সার্জারি বিভাগের চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলুর। তবে রাত ৯টার দিকে অ্যানেসথেশিয়া চিকিৎসক লিটন স্বজনদের জানান, রোগীর ব্রেনে টিউমারসহ অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। রোগীর অবস্থা ভালো না। এ কথা শুনে স্বজনরা হতভম্ব হয়ে পড়েন এবং কামাল উদ্দিনের এসব সমস্যা নেই বলে নিশ্চিত করেন।
এ সময় রোগীর মেয়ে দেখতে পান অ্যানেসথেশিয়া চিকিৎসকের হাতে কামাল উদ্দিন নয়, ময়না মিয়া নামের এক রোগীর বেশকিছু রিপোর্ট। এ কথা বলার পর চিকিৎসক লিটনসহ অন্যরা সেগুলো সরিয়ে ফেলে। সার্জারি বিভাগের চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলু ঘটনাস্থলে এসে কামাল উদ্দিনের শারীরিক অবস্থা ঠিক আছে, অপারেশন করা হবে বলে জানান। কিছু সময় পর কামাল উদ্দিনকে অস্বাভাবিক অবস্থায় অপারেশন থিয়েটার থেকে নিয়ে যান স্টাফরা। স্বজনরা জানতে চাইলে তারা জানান, তিনি মারা গেছেন।
সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক বলেন, স্বজনদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





