সুনামগঞ্জে অদ্বৈত জন্মধাম নিয়ে দ্বন্দ্ব নিরসন করলেন এমপি কামরুল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি পদে আবারও করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে মনোনীত করা হয়েছে ও কানন বন্ধু রায়কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের রাজারগাও গ্রামে অদ্বৈত জন্মধাম পণতীর্থ মন্দিরে এই কমিটি গঠন করা হয়।
এই কমিটির ঘোষণা করেন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এর মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির মধ্যে বিরোধের অবসান হয়েছে।
এর পূর্বে অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি নিয়ে বিবাদমান দুটি পক্ষকে সহ বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও শেখর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বক্তব্য রাখেন। এসময় গন্যমান্য ব্যক্তি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, সংসদ সদস্যের প্রস্তাবে এবং সবার সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। এবং অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান,আমি এই মন্দিরের জন্য জীবনের শেষ মুহূর্তে প্রর্যন্ত কাজ করে যাবে। আগেও করেছি আর আগামীতেও তা অব্যাহত থাকবে। আমি দিতে এসেছি নিতে নয় তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মন্দিরের উন্নয়নেই আমার লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাবো।





