তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক করে পুলিশে সোপর্দ
তাহিরপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৩ শে ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করে বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নর সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালায় রেজাউল। এ সময় জাকিরের পরিবারের লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয়।
গ্রামবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। তার পরিবার একাধিকবার তাকে শাসন করলেও সে চুরির পথ থেকে সরে আসেনি। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে সংশোধনের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হলেও কিছুদিন জেল খেটে এলাকায় ফিরে এসে পুনরায় চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।
সোমবারের ঘটনায় তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে ছাড়িয়ে নিতে আসেনি। পরে বিকেলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন জানান, চুরির দায়ে রেজাউলকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





