সিসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছ থেকে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। এতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে কাইয়ুম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
আবদুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সভাপতি। দলীয় সূত্র জানায়, ছাত্রদল ও যুবদল হয়ে দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়। সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলন এবং দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত ছিল।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনে দল অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়।






