রমজান উপলক্ষে তাহিরপুরে ২২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
তাহিরপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে তাহিরপুর উপজেলায় ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড-এর আর্থিক সহায়তায় এবং উদ্দীপন-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ, মসুর ডাল, লবণ, খেজুর, মুড়ি, ছোলা, বুট ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম এইডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোতাসিম বিল্লাহ, উদ্দীপনের মনিটরিং বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ আলম মজুমদার, সিলেট জোনাল অফিসের ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী এবং আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।
তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের উপকারভোগী আজিম মিয়া বলেন, রোজার মাসে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। এই খাদ্যসামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। অন্তত কয়েকদিন ভালোভাবে ইফতার ও সেহরি করতে পারবো।
আরেক উপকারভোগী আলী নুর জানান, আমাদের মতো গরিব মানুষের পাশে যারা দাঁড়ান, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। রমজানে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় সহায়।
উদ্দীপনের মনিটরিং বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ আলম মজুমদার বলেন, মুসলিম এইডের সহযোগিতায় তাহিরপুর সদর ও বালিজুরী এলাকার ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনেক পরিবার রোজা পালন করলেও আর্থিক সংকটের কারণে পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারেন না। তাদের কষ্টের কথা বিবেচনায় নিয়েই এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, সংখ্যায় সীমিত হলেও সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। এমন সময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মুসলিম এইড ও উদ্দীপনের এই কার্যক্রম মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।





