হবিগঞ্জে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে চা বাগানের কমিটি বাতিল, শ্রমিকদের বিক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পূর্বের পঞ্চায়েত কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বাগান কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। তাঁদের দাবি, নির্বাচিত কমিটি বাতিল করে ভোট ছাড়াই নতুন কমিটি গঠন বেআইনি।
বাগান সূত্রে জানা যায়, আওয়ামী লীগ–এর অঙ্গসংগঠন কৃষক লীগ ও শ্রমিক লীগ–এর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সম্প্রতি পূর্বের পঞ্চায়েত কমিটি বাতিল করেন বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ। একই সঙ্গে নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয়েছে হেমন্তী তাঁতীকে এবং স্থানীয় শাজাহানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইমন মুর্মুকে উপদেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন কমিটি গঠনের চিঠি প্রকাশের পর বাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার পূর্বের কমিটি বাতিলের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে বাগান ব্যবস্থাপকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, পূর্বের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল। সেটি বাতিল করে কোনো ধরনের ভোট ছাড়াই এডহক কমিটি গঠন করা হয়েছে। তাঁরা বলেন, পঞ্চায়েত কমিটি গঠনের এখতিয়ার বাগান ব্যবস্থাপকের নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, ‘পূর্বের কমিটির সদস্যরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। মিথ্যা অভিযোগ এনে কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি ব্যবস্থাপকের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগও তোলেন।
স্থানীয় নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা শাবানা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের অজুহাতে নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে বাগানে বিভক্তি তৈরি হয়েছে।
তবে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ কমিটি গঠন বিষয়ে তিনি বলেন, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ তদন্ত করে দেখা হবে।





