ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শহিদুল্লা চৌধুরী জনি নামে এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জনি ওই এলাকার শাহাব উদ্দীন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল্লা চৌধুরী জনি দীর্ঘদিন ধরে প্রশাসনের কোনো তোয়াক্কা না করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে আইন অমান্য করে মাটি উত্তোলনের অপরাধে বিচারিক প্রক্রিয়া শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।





