আত্মসাৎ,দুর্নীতি ও অনিয়মের আভিযোগে তাহিরপুরে কলেজ অধ্যক্ষ বরখাস্ত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও অনিয়মের আভিযোগে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী ‘ট্যাকারঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের’ অধ্যক্ষ খায়রুল আলমকে (দুই) মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিচালনা কমিটির সদস্যরা জরুরি সভায় এই সিদ্ধান্ত নেন।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরখাস্তের বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট চিঠি পাঠানো হয়েছে, একই অনুলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে।
অ্যাডহক কমিটির সদস্যরা জানান, গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব সহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও অধ্যক্ষ খায়রুল আলম তার জবাব দিতে ব্যর্থ হয়েছেন। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনে গাফিলতি এবং কমিটির সিদ্ধান্তসমুহ যথাযথভাবে রেজুলেশনভুক্ত না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ‘উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তাকে আগামি (দুই) মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মর্তুজ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সভাপতি বাছির মিয়া বলেন, গত পাঁচ বছরের বিদ্যালয়ের হিসাব তিনি দিতে পারছেন না। এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে নেওয়ারও অভিযোগ রয়েছে। বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মো. আবু সুফিয়ান টিপু বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার ৫৪(১) ধারার আলোকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





