আজ দায়িত্ব গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সিলেট: সিলেট সিটি কর্পোরেশন–এর নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)–এর মাজার এবং হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিনীত অনুরোধ জানিয়েছে।







