সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ইংল্যান্ডের কাছে হেরে খাঁদের কীনারে চলে গেছে পাকিস্তান। অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেমিফাইনালে যাওয়া না যাওয়া।
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
সুপার এইটে গ্রুপ-২-এ দুই ম্যাচেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। একমাত্র ম্যাচ খেলে হারা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।
ইংল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমি-ফাইনালে যাওয়ার ভাগ্য আর তাদের হাতে নেই। তবে নিজেদের বাকি ম্যাচে জিতলে এবং অন্যান্য ম্যাচের ফল তাদের পক্ষে এলে শেষ চারে যেতে পারে তারা। এজন্য তাদের মেলাতে হবে কিছু সমীকরণ।
সমীকরণ ১: নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই (শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে) হেরে যায় এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমি-ফাইনালে খেলবে পাকিস্তান।
সমীকরণ ২: নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের একটিতে জেতে, তখন পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, যাতে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারে। তখন নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যাবে পাকিস্তান।
এখন নিউজিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১, শ্রীলঙ্কার -২.৫৫০।
নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই জেতে, তাহলে সেমি-ফাইনালে উঠে যাবে তারাই। পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইটা তখন হবে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।
আর যদি নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচেই হারে এবং পাকিস্তানও হারে শ্রীলঙ্কার বিপক্ষে, তখন লঙ্কানরা ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমি-ফাইনালে।





