মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো ‘বেঙ্গল সুইট ফুড’। ল্যাবরেটরি পরীক্ষায় তাদের উৎপাদিত জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ (সোডিয়াম হাইড্রোসালফাইড) শনাক্ত হওয়ার পর মামলাটি করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ‘নিরাপদ খাদ্য আইন–২০১৩’-এর দুটি ধারায় এ দণ্ড ও জরিমানা প্রদান করেন।
জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা (অ.দা.) মো. শাকিব হোসাইন বলেন, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ। ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা–২০১৭’ অনুযায়ী খাদ্য উৎপাদনে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন–২০১৩’ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, এ ধরনের রাসায়নিকযুক্ত খাবার গ্রহণে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি পাকস্থলীর ক্যানসার, পেটের পীড়া, আলসারসহ নানা জটিলতা তৈরি হতে পারে।
জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্যসংক্রান্ত যেকোনো অভিযোগ ১৬১৫৫ নম্বরে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।





