তাহিরপুর উপজেলাে হাওরগামী হাউসবোটে আগুন
তাহিরপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী ‘মাছরাঙা’ নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাউসবোটটির মাঝামাঝি অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে নৌকার ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ধোঁয়া দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
তাহিরপুর থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।





