সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধার
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থেকে রুমা পাল (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার মোগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুমা পাল মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।
পুলিশ জানায়, রুমা পাল নামের ওই গৃহবধূ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রুমা পালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এটির তদন্ত করছে।






