জৈন্তাপুরে বিজিবি–র্যাবের যৌথ অভিযানে বিস্ফোরক পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬শে ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর বিওপি ও র্যাব-৯ এর সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকার যাত্রী ছাউনিতে পরিচালিত হয়, যা সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে ৬০টি বিস্ফোরক পাওয়ার জেল, ২৮টি ইলেকট্রিক ডেটোনেটর এবং ১৬টি ককটেল সদৃশ্য লাল কোটা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান পরিচালনার ফলেই এসব বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য উদ্ধার সম্ভব হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি। তিনি বলেন সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বিস্ফোরক সমুহে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।






