জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ: লুনা
সিলেট আই ::
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন লুনা। তিনি বলেন, এলাকা ও খাতভিত্তিক সমস্যাগুলো নির্ধারণ করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন- শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আহমদের বাড়িতে বৃহত্তর ব্রাহ্মণ গ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এর সুফল আপনারা অবশ্যই পাবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এম ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। ইলিয়াস আলীর উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের যে প্রত্যাশা আছে তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।






