এবার এপস্টেইন ফাইলে নাম আসল বলিউড তারকার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
এপস্টেইন ফাইল নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। আর সেই ফাইলে নাম রয়েছে পৃথিবীর একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত নথিতে বলিউডের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের নামও উঠে এসেছে। আর এবার এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে, এই উল্লেখ কি কোনো অভিযোগের ইঙ্গিত দেয়, নাকি এটি কেবল একটি নামমাত্র রেফারেন্স—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
গেল ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। সেই নথির ই-মেইল ও চিঠিপত্রের মধ্যে একটি নাম নজর কাড়ে ‘অনুরাগ কাশ্যপের’, যাকে ই-মেইলে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এপস্টেইনের সাথে জিউসেপে বেরসানি, জিনো ইউ ও অরনেলা কোরাজ্জা—এই তিনজনের ই-মেইল আদান-প্রদানে কাশ্যপের নাম এসেছে। আলোচনাগুলো মূলত এপস্টেইনের কিউবা ও সাংহাই সফর নিয়ে। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপকে ‘কুল পিপল’- বলে উল্লেখ করা হয়। এই তালিকায় আরও ছিলেন বেন গোয়ার্টজেল, ব্রুস ডেমার ও ডিজে স্পুকিয়ের মত নাম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—নথিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ই-মেইলগুলোতে এপস্টেইন ও কাশ্যপ একই সময় একই স্থানে ছিলেন এমন কোনো প্রমাণ নেই। অনুরাগ কাশ্যপ সত্যিই ওই কর্মশালা বা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত বা অস্বীকার কোনোটি করা হয়নি। অর্থাৎ, নামের উল্লেখ থাকলেও এটি অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ নয়।
স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। একজন লিখেছেন, “এটা কি এপস্টেইনের ফাইল, নাকি চিত্রগুপ্তের খাতা? সবার নামই তো আছে!”
আরেকজনের মন্তব্য, “যারা সত্যিই অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শুধু আমন্ত্রণ পাওয়া মানুষদের টার্গেট করা ঠিক নয়।”
রিপোর্টে বলা হয়েছে, অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনেত্রী নন্দিতা দাসের নামও নথিতে আছে। তাকে ২০১৫ সালের যুক্তরাজ্যের লেক ডিস্ট্রিক্ট ফেস্টিভ্যালে সম্ভাব্য বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে যোগব্যায়াম, সংগীত, গল্প বলা, কায়াকিংসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ছিল। এর পূর্বেও, এপস্টেইন সংক্রান্ত নথিতে মীরা নায়ার, মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার, মিক জ্যাগারসহ একাধিক আন্তর্জাতিক তারকার নাম পাওয়া গেছে।
এপস্টেইন নথিতে অনুরাগ কাশ্যপের নাম থাকলেও, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী এটি কোনো অপরাধ বা সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ নয়। নথিতে নামের উপস্থিতি আর অভিযোগ এই দুইয়ের পার্থক্য বোঝাই এখন সবচেয়ে জরুরি।




