সিলেট নগরে ৯৫ ভোটকেন্দ্র ‘অধিক গুরুত্বপূর্ণ’
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৯৫টি ভোটকেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সিলেট জেলা পুলিশের আওতাধীন কোনো ভোটকেন্দ্রকে এ শ্রেণিতে রাখা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৬টি। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের সব কেন্দ্র সিলেট মহানগর পুলিশের ছয়টি থানার আওতায় রয়েছে। এ ছাড়া সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রও নগর পুলিশের অধীনে পড়েছে। বাকি আসনগুলোর ভোটকেন্দ্র জেলা পুলিশের আওতাভুক্ত।
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, ‘অধিক গুরুত্বপূর্ণ’ ভোটকেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই পরিপত্রে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগর পুলিশের আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৫টি ‘অধিক গুরুত্বপূর্ণ’, ১৩৪টি ‘গুরুত্বপূর্ণ’ এবং ৬৫টি ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ভোটকেন্দ্রের অবস্থান, ভোটারের সংখ্যা ও দুর্গমতা বিবেচনায় জেলার ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ ভোটকেন্দ্র ধরা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে দায়িত্ব পালন করা হবে।





