হবিগঞ্জ–২ আসনে ধানের শীষের গণমিছিল
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা একে ঐতিহাসিক গণমিছিল বলে দাবি করেছেন।
সোমবার বিকেল চারটার দিকে বানিয়াচং বড় বাজার শহীদ মিনার চৌরাস্তার মোড়ে গণমিছিলটি শেষ হয়। এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে গণমিছিলটি জনসভায় রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মানুষের ভালোবাসায় তিনি ঋণী। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডা. জীবন বলেন, হাওরবেষ্টিত এই দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে সার্বিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় গণমিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণমিছিল শেষে ডা. সাখাওয়াত হাসান জীবন প্রশাসন, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





