গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভা: উন্নয়নের প্রতিশ্রুতি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বিএনপি-জমিয়ত ঐক্যজোট সমর্থিত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার গোয়াইনঘাট উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটারদের কাছে মানুষের সেবার জন্য রাজনীতিতে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। আমাদের লক্ষ্য একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন, যেখানে থাকবে না বৈষম্য এবং প্রতিটি নাগরিক পাবেন তার ন্যায্য অধিকার। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।”
তিনি যোগ করেন, বিগত ফ্যাসিবাদীদের আমলে গোয়াইনঘাট অঞ্চলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। “পাথর কোয়ারি পুনরায় চালু করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষিযন্ত্রপাতি, বিশুদ্ধ পানি—এসব আমাদের প্রধান কাজ হবে,” বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তিনি নিজে নির্বাচিত হলে এক বছরের মধ্যে অঞ্চলে পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড.এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ শতাধিক লোক অংশ নেন।





