ভোট দিতে পারবেন না শাকিব-জয়া
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
দেশজুড়ে এখন ভোটের হাওয়া—চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই একটাই আলোচনা: নির্বাচন! পোস্টার, মিছিল, স্লোগানে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। আর এই উত্তাপে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। কেউ সরব সমর্থনে, কেউ নীরব পর্যবেক্ষণে। কিন্তু মজার বিষয় হলো—আলোচনায় থাকলেও, ভোটকেন্দ্রে দেখা মিলছে না কয়েকজন বড় তারকার!
ঢাকা-১৭ আসনের ভোটার ঢালিউড সুপারস্টার শাকিব খান। গুলশানের বাসিন্দা হলেও তিনি এখন ক্যামেরার সামনে, ভারতে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ফলে ভোটের লাইনে দাঁড়ানো হচ্ছে না তার। একই আসনের আরেক পরিচিত নাম জয়া আহসান। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রীও দেশের বাইরে—ভোট দিতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন।
ঢাকা-১১ আসনের ভোটার আরেফিন শুভও আছেন বিদেশে। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার ভোট দেওয়া প্রায় অসম্ভব।
তবে সবাই কিন্তু মিস করছেন না। পূর্ণিমা (ঢাকা-১৮), অপু বিশ্বাস (ঢাকা-১১), সিয়াম আহমেদ (ঢাকা-১৯), মিশা সওদাগর (ঢাকা-১৮), চঞ্চল চৌধুরী (ঢাকা-৮), বাপ্পী চৌধুরী (নারায়ণগঞ্জ-৪) আর মেহজাবীন চৌধুরী (ঢাকা-১১)—তারা নিজ নিজ আসনে ভোটার তালিকায় আছেন।




