গোয়াইনঘাটে হতদরিদ্রদের মাঝে যুক্তরাজ্যপ্রবাসীর খাদ্যসামগ্রী বিতরণ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ৪০ জন হতদরিদ্র নারীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার আহমদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্র নারীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের আয়োজন ও অর্থায়ন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার সহসভাপতি এবং ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার আহমদ।
তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভিত্রিখেল হাওর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন, গ্রামের মুরব্বি মোহাম্মদ মনসুর আলী, রেজাউল করিম, সাহেব আলী, মেছের আলী, আব্দুল সত্তার, কাদের আলী ও লাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, রমজান সামনে রেখে এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য সহায়ক হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




