বসন্তের আগেই আগুনরাঙা তাহিরপুরের শিমুল বাগান
লিমন তালুকদার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
বসন্ত আসতে এখনো কিছুটা সময় বাকি। তবে তার আগেই আগুনরাঙা সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুল বাগান। ফেব্রুয়ারির শুরু থেকেই বাগানের ডালজুড়ে ফুটে উঠেছে টকটকে লাল শিমুল ফুল। দূর থেকে তাকালে যেন চারদিকে আগুন জ্বলছে—এমন দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায় অবস্থিত এই শিমুল বাগানটি প্রায় ১০০ বিঘা জমির ওপর গড়ে তোলা। এখানে ছোট-বড় মিলিয়ে তিন হাজারেরও বেশি শিমুল গাছ রয়েছে। ২০০৩ সালে বাণিজ্যিক উদ্যোগ হিসেবে প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন বাগানটি গড়ে তোলেন।
গাছগুলো বড় হয়ে ফুল ফোটাতে শুরু করলে অল্প সময়েই বাগানটি পর্যটকদের দৃষ্টি কাড়ে। একপর্যায়ে এটি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। প্রতিবছর বসন্ত মৌসুমে, বিশেষ করে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বাগানের মালিকের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, এবার শিমুল ফুল তুলনামূলকভাবে একটু আগেই ফুটেছে। ফেব্রুয়ারির শুরু থেকেই দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। এই সময়টা বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
স্থানীয় বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, শিমুল বাগানটি এই এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ। ফুলের মৌসুমে মানুষের ঢল নামে, এতে স্থানীয় ব্যবসায়ীরাও উপকৃত হন।
শিমুল বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিলেট থেকে আসা পর্যটক সুমি আক্তার বলেন, লাল শিমুল ফুলে পুরো বাগানটাই অসাধারণ লাগছে। প্রকৃতি উপভোগ আর ছবি তোলার জন্য জায়গাটি দারুণ।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওই দিন দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকেরা আবারও নিশ্চিন্তে বাগান ঘুরে দেখতে পারবেন।
সব মিলিয়ে বসন্তের আগাম আগুনরাঙা রূপে শিমুল বাগান এখন প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।




