নির্বাচনের ছুটিতে সিলেটের গ্রামমুখী মানুষের ভিড়,পথে দুর্ভোগ
লিমন তালুকদার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
হাতে বাকি আর মাত্র একদিন। ফলে নির্বাচনকে সামনে রেখে এখন গ্রামমুখী ভোটাররা। একসাথে সকল ভোটারদের গ্রামমুখী হওয়ার প্রভাব পড়েছে যানবাহনগুলোতে। মঙ্গলবার সারাদিন প্রচন্ড যাজটের কবলে ছিল পুরো নগরী। সবার যাত্রার মূল উদ্দেশ্য নিজ নিজ এলাকায় অবস্থান করে ভোটাধিকার প্রয়োগ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের মানুষ গ্রামে ভোট দিতে ছুটছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সিলেট-মৌলভীবাজার, সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-কোচবিহার সড়কে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে।
সরকার শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করায় কারখানা ও প্রতিষ্ঠান থেকে আগে থেকেই কাজ শেষ করে গ্রামে ফিরে যাচ্ছেন শ্রমজীবীরা। এতে সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া এবং দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
যাত্রীদের অভিযোগ, ভিড়ের সুযোগে বাস ও মাইক্রোবাস মালিকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার পোশাকশ্রমিক হান্নান বলেন, “ভোট দেওয়ার জন্য গ্রামে যাচ্ছি, কিন্তু বাসের ভাড়া স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে যেতে হচ্ছে।”
সিলেটের পুলিশ জানিয়েছে, নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে সড়কে যথাযথ পরিমাণে পুলিশ থাকছে না। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সময় লাগছে।
নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিলেটের ঘরমুখী মানুষের চলাচল এবং ভোটের প্রস্তুতি চলছেই।




