মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১৮০ দিনের নির্দেশনা প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তারেক রহমান নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিবরণ শেয়ার করেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দেওয়া হবে। গণমাধ্যম কমিশনের প্রস্তাবের উপরও কাজ করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয় ও প্রতিমন্ত্রীর কার্যক্রম তদারকি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্তভাবে দৃশ্যমান কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
বৈঠকটি সচিবালয়ের এক নম্বর ভবনে বেলা ৩টায় শুরু হয় এবং প্রধানমন্ত্রী বেলা ১২টা ৩৫ মিনিটে নিজ দফতরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও আলাদা বৈঠক করার কথা রয়েছে।





